আমাদের কথা….

ভ্রমণ এক অনাবিল আনন্দ। শুধুমাত্র বিখ্যাত দর্শনীয় স্থানে যাওয়াটাই যে ভ্রমণ, তা নয়। ভ্রমণ হলো একটি জায়গাকে ভ্রমণকারীর নিজের মত করে আবিষ্কার করা।

Thinking like a traveller” — হ্যাঁ, tourist আর traveller এর মধ্যে কিছু পার্থক্য অবশ্যই আছে। শুধুমাত্র পূর্বনির্দিষ্ট তালিকা ভিত্তিক ভ্রমণকারীকে টুরিস্ট বলে।আর একজন ট্রাভেলার একটি স্থান কে জানতে চায়; চিনতে চায় তার বৈচিত্র্যকে। ভ্রমণ কি শুধুই বিশাল ব্যাগ নিয়ে দূরে কোথাও যাওয়া? আমার মতে,  ভ্রমণ কিন্তু নিজের শহর বা গ্রামকেও সঠিকভাবে জানা।

ছবি সত্ত্ব : শ্রী সুমন দাস

বিপুলা এ পৃথিবীর কতটুকু জানি।/ দেশে দেশে কত না নগর রাজধানী/ মানুষের কত কীর্তি, কত নদী – সিন্ধু -মরু /কত-না অজানা জীব কত না অপরিচিত তরু/ রয়ে গেল অগোচরে” – – – ঐক্যতান, কবি রবীন্দ্রনাথ ঠাকুর


সত্যিই তো এই সুবিশাল পরিসরের কতটুকুই বা আমরা জানতে পারি , তবুও ভ্রমণের ইচ্ছা প্রত্যেক মানুষের থাকে। কিন্তু ‘উঠল বাই তো কটক যাই’ করে তো ভ্রমণ করা যায় না। উপর্যুপরি সপরিবারে তো প্রায় অসম্ভব। ভ্রমণের আগে স্থান সম্পর্কে কিছু তথ্য সংগ্রহ অতি প্রয়োজন। হোটেল, রেস্টুরেন্ট আর দর্শনীয় স্থান সম্পর্কে বেশ কিছু তথ্য নিয়ে ভ্রমণ অবশ্য কাম্য।

আমি দেবমিতা একজন গৃহবধূ, চিত্রশিল্পী ও ব্লগার। একজন সাধারণ গৃহবধু থেকে একজন ব্লগার হয়ে ওঠার পথটি মোটেও সহজ ছিল না। তবেই চড়াই-উতরাইয়ের এই পথ আমার মধ্যে আর এক অন্য আমি তৈরিতে সাহায্য করেছে।

প্রথম ভ্রমণ সম্পর্কে আমার প্রায় কিছুই মনে নেই। বাবা মায়ের কাছে শোনা, মাত্র দু বছর বয়সে বাঙালির দ্বিতীয় বাড়ি, পুরী দিয়ে বেড়ানোর হাতে খড়ি। এরপর থেকে ভ্রমণ আর কখনই থেমে থাকে না। ওতপ্রত ভাবে যুক্ত হয়েছে আমার জীবনের সাথে।

সিমলা থেকে চেন্নাই,  সিকিম থেকে রাজস্থান,  ভারতের যে জায়গাতেই পা দিয়েছি, সেই জায়গাতেই অভিভূত হয়েছি তার সাংস্কৃতিক বৈচিত্র্যে, মুগ্ধ হয়েছি প্রাকৃতিক সৌন্দর্যের তারতম্যে, অবাক হয়েছি বৈচিত্রের মধ্যে ঐক্যকে অনুভব করে। আর হ্যাঁ, খাদ্যাভাসের তারতম্য ছিল চোখে পড়ার মতো। এর সাথে সাথেই বেড়েছে বেড়াতে যাবার নেশা।

ছবি সত্ত্ব : শ্রী সুমন দাস

প্রথম বিদেশ ভ্রমণ লন্ডন। 2 বছরের বাচ্চাকে সঙ্গে নিয়ে লন্ডন ভ্রমণ ছিল আমার জন্য বেশ রোমাঞ্চকর। এর পরে সুযোগ হয়েছে দুবাই আর মালয়েশিয়া যাবার।

সময় 2018 সাল। ভ্রমণ সংক্রান্ত বই ও ব্লগ পড়া এক নেশা হয়ে দাঁড়িয়েছিল তখন। যদিওবা এখন আরও বেড়েছে। হঠাৎই একদিন একটি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে একটি ভ্রমণ সম্পর্কিত গ্রুপে বেড়ানোর অভিজ্ঞতা নিয়ে লিখে ফেললাম কিছু কথা। সাড়া পেলাম বেশ ভালো। সেই শুরু হলো লেখা। পরিবারের অন্যান্য সদস্যদের সাহায্যে ও উপদেশে শুরু হয় ভ্রমণ বিচিত্রা নামের সম্পূর্ণ ভ্রমণ অভিজ্ঞতা মূলক ব্লগটি। ভ্রমণ বিচিত্রাকে দুটো ভাষায় লেখার চেষ্টা করেছি – বাংলাইংরেজি। আমার আর এক ভালোবাসা, ছবি আঁকা হস্তশিল্পের উপরে কিছু লেখালেখি ও ভিডিও টিউটোরিয়াল তৈরি করে থাকি যখন সময় পাই। সেই ব্লগের নাম হল Craft and Art House.

লেখালেখিতে যদিওবা একদমই নবীন, তবুও চেষ্টা করেছি এই ব্লগে আমার অভিজ্ঞতা, সুবিধা-অসুবিধা সবার সাথে ভাগ করে নিতে।আপনাদের সকলের সহায়তায় এই ব্লগ টি কে এগিয়ে নিয়ে যেতে চাই। ভ্রমণ সম্পর্কে আপনাদের অভিজ্ঞতার কথা জানার জন্য যেমন আমরা আছি, ঠিক তেমনই এই ব্লগ সম্পর্কে কোনো রকম অভিযোগ, অনুযোগ, ভালোলাগার কথা থাকলে অবশ্যই জানাবেন।

ধন্যবাদ!

Design a site like this with WordPress.com
Get started